তামিমের টি-২০ বিশ্বকাপ না খেলা

N
najim219

 গতকাল সকালেও তামিম ইকবাল ছিলেন বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ স্কোয়াডের ভাবনায়। কিন্তু বেলা বাড়তেই দৃশ্যপট পাল্টে গেল। নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় বাংলাদেশের ওপেনার নিজেই বিশ্বকাপ দল থেকে নিজেকে সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন। গতকাল বেলা ১টা ৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন তিনি। ‘কিছুক্ষণ আগে আমাদের বোর্ড প্রসিডেন্ট পাপন ভাই, আমাদের চিফ সিলেকটর নান্নু ভাইকে আমি ফোন করেছিলাম। তাদের সাথে কিছু জিনিস শেয়ার করেছি। যেটা আমি সবার সাথে শেয়ার করতে চাই। আমি তাদের বলেছি, আমার মনে হয় না যে আমার ওয়ার্ল্ডকাপ টিমে থাকা উচিত। এটার দুই-তিনটি কারণ আছে।’

দুপুরে তামিমের ভিডিও বার্তার পর বিকেলে জানা গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন বছরের কেন্দ্রীয় চুক্তির টি-২০ ক্যাটাগরিতে থাকছেন না। গতকাল বিসিবির বোর্ড সভা শেষে এমনটাই জানিয়েছেন সংস্থাটির সভাপতি নাজমুল হাসান পাপন। তামিমের টি-২০ চুক্তিতে না থাকার ব্যাখ্যায় তিনি বলেছেন, ‘যেহেতু তামিম বিশ্বকাপ খেলবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। আর সামনে কোনো টি-২০) ম্যাচ নেই। ফলে তাকে টি-২০ চুক্তিতে রাখা হচ্ছে না।’

 

 

 

এবারের চুক্তির মেয়াদ গত মে থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত। টি-২০ বিশ্বকাপ যেহেতু তামিম খেলছেন না, আর এ বছর বাংলাদেশের আর কোনো ম্যাচ নেই, তাই তামিমকে চুক্তির বাইরে রেখেছে বিসিবি। কেন এই সিদ্ধান্ত তামিমের। তিনি ভিডিও বার্তায় বলেছেন, ‘আমি এই সংস্করণের ক্রিকেট অনেক দিন ধরে খেলছি না। দ্বিতীয় কারণ হচ্ছে চোট। আশা করছি বিশ্বকাপের আগেই চোট থেকে সেরে উঠব। কিন্তু শেষ ১৫-১৬টি টি-২০ খেলিনি। আর আমার জায়গায় এত দিন যারা খেলছিল, আমার উচিত হবে না ওদের জায়গাটা নিয়ে নিই।’

কিন্তু হুট করে দল থেকে নিজেকে সরিয়ে নেয়ার ব্যাপারটি সবাইকে চমকে দিয়েছে। যতটুকু জানা গেছে, বিশ্বকাপের জন্য নির্বাচকদের খসড়া দলে তিনি ছিলেন। তাকে নিয়েই আগামী অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে টি-২০ বিশ্বকাপে খেলতে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। একটু শঙ্কা ছিল চোট নিয়ে। হাঁটুর চোটের কারণে ঘরের মাঠের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজ থেকে নাম সরিয়ে নিয়েছেন।

Comments