বরাবরই ডে অফ নিয়ে আমার কোন প্ল্যান নেই।
মুভি অথবা বইয়ের মধ্যে মুখ গুঁজে বসে থাকি। কেননা চিলেকোঠার আটপৌরে সংসারে খুব একটা দায় নেই আমার। প্রকৃতিতে বর্ষা তাই পড়া আর মুভি দেখার সঙ্গে যোগ হয়েছে বর্ষা যাপন। সকাল থেকেই ফিন ফিনে বৃষ্টি। চিলেকোঠার বর্ষা একেবারেই নিজস্ব।গ্রামের বর্ষার সাথে নাগরিক বৃষ্টির কোন মিল নেই। এখানে মেঘের মাদল বাজে না। গুরু গুরু করে মেঘ ও ডাকে না। বৃষ্টির ঝমঝম শব্দ নেই। তাই শিহরণ তোলে না গ্রামের বর্ষার মতো......
আগে বৃষ্টি হলেই আগ পাছ না ভেবে নেমে যেতাম। একবার তো রাত তিনটায় ও ভিজেছি চিলেকোঠার ছাদে। এখন আর আর ভেজা হয় না। আমার অস্তিত্বে থেকে হারিয়েছে আষাঢ়-শ্রাবণ.....
আমার কাছে বর্ষা বলতেই রানীপুর। টিনের চালায় বৃষ্টির নানা রকম সুর। দুকূল ছাপিয়ে ঝরছে তো ঝরছেই। থামার নাম গন্ধ নেই। এমন বৃষ্টি অনেক দিন দেখিনা। পথঘাট কাদায় প্যাচ প্যাচ। তাতে কী? কাদাই সবচেয়ে ভালো লাগে। সারা দিন কাদার মধ্যে। ওটাই আমার প্রাণ.....
বৃষ্টি এলেই সমস্ত আকাশ মেঘে মেঘে অন্ধকার। সামনের শ্যামল মাঠে কালো মেঘের আস্তরণ। দূরের গ্রামের ওপরে ঝুলে থাকা মেঘ। কচুরিপানা ভর্তি খাল। উঠানে শুকাতে দেয়া আউশ ধান। বৃষ্টি এলে ধান ওঠাতে মায়ের হুটোপুটি। ঘরের পাশে মজা ডোবা। সেখানে ডাহুকের সংসার। তাদের খুনসুটি। গেল বছর ডাহুক ধরতে নেমে ছিলাম। পরে ডাহুকের পিছনে ছুটতে দেখি গোটা পাঁচ-ছয় ছানাপোনা। আর আগাই নি.....
নাগরিক বর্ষায় এসব নেই। এখানে দালানের কার্নিশে মেঘ ঝুলে থাকে না। ছেঁড়া কালো মেঘের টুকরো উড়ে যায় না দিগন্তে। ডাহুকের ছানার কচুরিপানায় হেঁটে যাওয়ার শব্দ অনুপস্থিত। নেই মজা ডোবা। তবে বৃষ্টি এলে বাড়ে জীবনের হুড়োহুড়ি....
চিলেকোঠার বর্ষায় মায়া নেই । ভালোবাসা যাও ছিলো তা ও পলাতক বহুকাল। তাই আমিও আর মেঘ ছুঁতে হাত বাড়াই না আকাশপানে।......
রাতভর বৃষ্টি। খুব ইচ্ছে হয় ভিজতে। মনে হয় কে যেন মজা ডোবার ধারে আমার জন্য অপেক্ষা করছে। প্রাগৈতিহাসিক ভালোবাসা নাকি অন্য কিছু? নাকি ডাহুক খুঁজছে আমাকে তাদের না বলা কথা শোনানোর জন্য। আমি খেজুরের মিঠার হাঁড়িতে হাত দেই। কী গাঢ় দানা জমেছে সেখানে।
আমি তাকে খুঁজি বর্ষার মধ্যরাতে। নীল কচুরিপানা ফুলের মতো তার হাত। সেই হাত তিনি বৃষ্টিকে ছুঁয়ে দিচ্ছে আলতোভাবে। যেন ডাহুকের নরম পালক গায়ে রোমাঞ্চ লাগে......
অনেক দিন পড় ছাতা নিয়ে ছাদে নেমেছিলাম আজ। মেঘ আমাকে কিছুই দেয় না। সে মাথার উপর ঝুঁকে থাকে না। সে বলে না, 'যাবি আমার সঙ্গে? যাবি?'
আমার কোথাও যাওয়ার নেই৷ সেই ধান শুকানো উঠানে, মজা ডোবার ডাহুকের সংসারে কিংবা বৃষ্টিতে খালে ডুব সাঁতার কাটতে। কোথায় যাব? তবে আজকাল পাহাড় চূড়ার বৃষ্টিতে বসে থাকতে বড্ড ইচ্ছে করে.....

