দুই সপ্তাহে প্রথমবারের মতো ২১ হাজার ডলার ছাড়ালো বিটকয়েনের মূল্য। ২০২০ সালের পর বিটকয়েনের দাম সর্বনিম্ন সাড়ে ১৮ হাজার ডলারে নেমে যাওয়ার পর এই ঊর্ধগতি দেখা যাচ্ছে।
ক্রিপ্টো বিশ্লেষক সাইট কয়েনডেস্ক ডটকমের তথ্য অনুযায়ী, রোববার বিটকয়েনের মূল্য দাঁড়ায় ২১ হাজার ৬১৬ ডলারে।
বিটকয়েনের দাম নয় শতাংশের বেশি বেড়ে ২১ হাজার ২৫৪ ডলারে পৌঁছায় শুক্রবার, যা ছিল এর আগের দুই সপ্তাহের মধ্যে ক্রিপ্টোমুদ্রাটির সর্বোচ্চ দাম।
রয়টার্সের প্রতিবেদন বলছে, এই ধারা অব্যাহত থাকলে ফেব্রুয়ারি পরবর্তী সময়ে সর্বোচ্চ দৈনিক মূল্য বৃদ্ধির হার দেখবে বিটকয়েন।
অন্যদিকে, দ্বিতীয় প্রভাবশালী ক্রিপ্টোমুদ্রা ইথারের দাম পাঁচ শতাংশ বেড়ে এক হাজার সাতশ ৪৬ ডলারে পৌঁছানোয় গত তিন সপ্তাহে নিজের সর্বোচ্চ অবস্থানে রয়েছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার বিটকয়েনের দাম কমে দাঁড়িয়েছিল ১৮ হাজার ৫৪০ ডলারে।
লেনদেনকারীরা বলেছেন, শুক্রবার থেকে চলমান এই উত্থানের পেছনে তেমন কোনো নির্দিষ্ট কারণ খুঁজে পাননি তারা। তবে, ডলারের দাম কমে যাওয়ার পর বৈশ্বিক শেয়ারে বিভিন্ন ইতিবাচক উত্থানের বিষয়টি উল্লেখ করেছেন তারা।

