ভেন্টুরার অভিযান

A
arif567

ভেন্টুরার অভিযান ও মুজাহিদদের ভূমিকা ঃ দীর্ঘ দিন যাবত সামাহ্ অঞ্চলের নেতৃবৃন্দ থেকে রঞ্জিৎ সিংহ বাৎসরিক নলবন্দী বা নজরানা আদায় করে নিয়ে যেত। রঞ্জিৎ সিংহের লোকেরা চাহামা অঞ্চলে আগমন করে স্থানীয় নেতৃবৃন্দকে বার্ষিক নজরানা নিয়ে উপস্থিত হওয়ার জন্য সংবাদ পাঠাত। কিন্তু সাইয়্যিদ আহমদ রাহ. অত্র অঞ্চলে আগমনের পর স্থানীয় জনগণকে এ নজরানা দিতে নিষেধ করে দেন। বেশ কিছু দিন যাবৎ রঞ্জিত সিংহের লোকেরা এ এলাকা থেকে নজরানা আদায় করতে পারছিলনা। সুতরাং অত্র অঞ্চল থেকে জনগণের আনুগত্য ও নজরানা আদায়ের জন্য সে নেপোলিয়ানের সেনাবাহিনীতে প্রশিক্ষণ প্রাপ্ত বিখ্যাত ফরাসী বীর ভেন্টুরাকে অত্র অঞ্চলঅভিমুখে প্রেরণ করে। ভেন্টুরার বাহিনী চাহামায় আগমন করলে খাদী খাঁন নামক জনৈক স্থানীয় সর্দার তার সাথে আতাত করতঃ তাকে সিন্ধুনদের অপর পারের অঞ্চলগুলোতে আসার জন্য উৎসাহিত করে এবং তাকে তার বাহিনীসহ হিল্ডে নিয়ে আসে। বস্তুত সাইয়্যিদ আহমদ রাহ. এর অনুগত এলাকার অপর সর্দার ফাতাহ খাঁন পাঞ্জতারীর প্রতি ইর্ষাপরায়ণ হয়েই খাদী খান একাজ করে। ভেন্টুরার হয়ে সে নিজে ফাহাহ্ খানকে নজরানা নিয়ে ভেন্টুরার দরবারে উপস্থিত হওয়ার নির্দেশ জারী করে। অন্যথায় ভেন্টুরার বাহিনী পাঞ্জতার আক্রমণ করবে বলে হুমকী দেয়। ফাতাহ খাঁন এ মর্মে জবাব দেন যে, আমরা কোন অবস্থাতেই নজরানা দিতে প্রস্তুত নই, ভেন্টুরা যদি পাঞ্জতারে আক্রমণ করতে চায় তাহলে তাকে আসতে বলুন, আমরা প্রস্তুত রয়েছি। ফলে ভেন্টুরা তার বাহিনী নিয়ে অগ্রসর হয় এবং পত্র মারফত সাইয়্যিদ সাহেবকে হুশিয়ারী প্রদান করে। সাইয়্যিদ সাহেব এপত্রের যথোপযুক্ত জবাব প্রদান করেন এবং মাওঃ খায়রুদ্দীনকে দূত হিসাবে তার দরবারে প্রেরণ করেন। ভেন্টুরা মাওঃ খায়রুদ্দীনকেও পাঞ্জতার আক্রমণের হুমকী দেয় এবং অশালীন আচরণ করে।

Comments