কিছু কথা

A
arif567
সূফীবাদের সংস্কারে তাঁর পদক্ষেপ ঃ আমরা আগেই উল্লেখ করেছি যে, সুফীদের জ্ঞান দীনতার কারণে আত্মশুদ্ধির নির্মল ধারা- যা মূলতঃ কুরআন ও সুন্নাহর ভিত্তিতে প্রবর্তিত ছিল, প্রাচ্যদেশীয় বিভিন্ন ধর্ম দর্শনের প্রভাবে প্রভাবিত হয়ে পড়ে এবং এ সকল ধর্ম দর্শনের কিছু কিছু বিষয় আত্মস্থ করে এমন এক নতুন ধারার উদ্ভব ঘটে যা কুরআন ও সুন্নার সাথে সঙ্গতিহীন ছিল। অথচ কুরআন ও সুন্নাহ থেকে বিচ্যুত এই ধারায় আত্মসাধনায় মগ্ন হওয়াকে জাহেরী শরীয়তের বিধি বিধান মেনে চলার চেয়ে অধিক গুরুত্ব দেওয়া হত। ফলে এসব সুফীদের কাছে জাহেরী শরীয়তের বিধিবিধান অনুসরণের বিষয়টি সম্পূর্ণরূপে গুরুত্বহীন হয়ে পড়ে। এমনকি জাহেরী আমল ছেড়ে দিয়ে যোগসাধনা ও রিয়াজত মুজাহাদার পিছনেই মানুষ মত্ত হয়ে পড়ে। অবস্থা এমন রূপ ধারণ করেছিল যে, ইসলামের জাহেরী বিধিবিধানের পূর্ণ অনুসারী ব্যক্তিদেরকেও এই বলে ব্যঙ্গ বিদ্রুপ করা হত যে, এরা মা'রিফাত সম্পর্কে অজ্ঞ, বাহ্যপূঁজারী। অথচ কুরআন সুন্নাহ বিবর্জিত এই মনগড়া পন্থায় আত্মসাধনায় লিপ্ত মানুষ একদিকে যেমন প্রকৃত আত্মসাধনার পথ থেকে বিচ্যুত হত, সাথে সাথে সৃষ্টি হত বহু মনগড়া বিশ্বাস ও ধারণা, যে কারণে একজন সাধক তার সাধনার পথে খেই হারিয়ে ফেলে নিজের মাকাম ও উন্নতির পর্যায় সম্পর্কে ভুল সিদ্ধান্তে উপনীত হত। সায়ের ফিল্লাহর মাকামে পৌঁছে ফানাফিল্লাহর মাকামে পৌঁছে গেছে বলে মনে করত। এ ধরনের আরও বহু বিভ্রান্তির শিকার ছিল তারা। মুজাদ্দিদ রাহ. সুফীবাদেও আমূল সংস্কার সাধন করেন। তিনি ঘোষণা করেন, যে কর্মের সাথে নববী আদর্শের কোন সঙ্গতি নেই; তা যে নামেই এবং যে উদ্দেশ্যেই করা হউক না কেন, তা নিষ্ফল হতে বাধ্য। তাঁর ছেলেকে লেখা এক চিঠিতে তিনি উল্লেখ করেছেন প্রিয় বৎস! কিয়ামতের দিন একমাত্র রাসূল স. এর অনুসরণ ও অনুকরণই কাজে আসবে। সুফীদের হাল, ওয়াজদ, তত্ত্বজ্ঞান, মা'আরিফ, রহস্য ও ইঙ্গিত এগুলো যদি সেই আদর্শ অনুযায়ী হয় এবং সুন্নতে নববীর অনুসরণে হয়, তাহলে তো ভালই। আর তা না হলে সবই ব্যর্থ, নিষ্ফল ও ক্ষতিকর। পরিণামে এসব আল্লাহর ক্রোধ ও শাস্তির কারণ হবে। হযরত জুনায়েদকে জনৈক ব্যক্তি স্বপ্নে দেখে তাঁর অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করলেন। উত্তরে জুনায়েদ বললেন, 'সকল তত্ত্ব ও রহস্য, হাকায়েক ও মা'আরিফ নিষ্ফল হয়ে গেছে এবং এগুলো ব্যর্থ প্রমাণিত হয়েছে। কেবলমাত্র নবী স. এর অনুসরণে যা কিছু করে ছিলাম সেগুলোই কাজে এসেছে। সুতরাং রাসূল স. ও তাঁর খোলাফায়ে রাশেদীনের পদাঙ্কানুসরণ করাকে জরুরী মনে করো। কেননা এর পুরোটাই বরকতময় ও কল্যাণকর।

Comments