ছবি
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব তা হচ্ছে "মা" যিনি আমাদেরকে গর্ভে ধারণ করেছেন।
মা
আম্মু
আমি আমার মা'কে আম্মু বলে ডাকি।
কিন্তু মা শব্দটা আমার ভালো লাগে।
কেউ যখন মা বলে ডেকে ওঠে তখন মনে হয়—জননী আর সন্তানের মাঝে যেন এক বেদনা রঙের সেতু প্রলম্বিত হয়ে উঠল আর সেই সেতুর মধ্যে মাতৃত্বের সমস্ত করুণ মমতা কাশফুলের মতো দুলতে শুরু করল।
অন্তত আমার সেরকমই অনুভব হয়।
যারা তাদের মা'কে মা বলেই ডাকে তাদের আমি খুব ঈর্ষা করি।
যেমন কৈশোরে ঈর্ষা করেছিলাম আমার সবচেয়ে ছোট ভাই মাজিদকে।
সে হঠাৎ করেই আমাদের বড় তিন ভাইয়ের আম্মু ডাক উপেক্ষা করে মা ডাকতে শুরু করেছিল।
সে যখন আমার সামনে আম্মুকে মা বলে ডেকে উঠত, আমার অবস্থা হতো সেই শিশুর মতো যার তৃষ্ণার্ত ঠোঁটের সামনে তার মায়ের উন্মুক্ত স্তন, অথচ সেই স্তনের দুধ পান করছে অন্য কোনো শিশু।
অবশ্য সে আমাদের তিন ভাইয়ের পরিহাসের মুখে বেশিদিন টিকে থাকতে পারেনি।
তাড়াতাড়িই আম্মুতে ফিরে এসেছিল।
আর আমিও ফিরে পেয়েছিলেম মাতৃস্তন।
আমি কোনোদিনই আমার আম্মুকে মা বলে ডেকে উঠতে পারি না। তাই— কলের পানিতে সামান্য যমযম মিশিয়ে পান করার মতো লেখালেখিতে মা শব্দটি ব্যবহার করে এক অসম্পূর্ণ, অসুস্থ তৃপ্তি অনুভব করি।
মা'কে নিয়ে কিছু লিখতে বড় ভালো লাগে। অনেক আগে মায়ের দোয়া সম্পর্কে দুটো লাইন লিখেছিলাম,
মনে পড়ে—
“ মানুষের যত সাধ, যত আশা ঘোর।
মায়ের ঠোঁটের ফাঁকে ফুটে হয় ভোর।”
না এমন একটা শব্দ যা থাকলে মনে অনেক তৃপ্তি আসে। মা বলে যখন মাকে ডাক দিই তখন মায়ের মনটাও যেন ভরে যায়।
আল্লাহতালা আমাদের সকলকে মা-বাবাকে সম্মান করার এবং আদর যত্ন করার এবং মা বাবার কথামত চলার তৌফিক দান করুন আমীন।



ভালো হয়ছে পোস্ট টা